চারঘাটে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারঘাট উপজেলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির,উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন গ্রীষ্মকালীন খেলায় বালক ও বালিকারা পৃথকভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।
এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।
খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় শেষ হয় এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।