বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাজশাহী কলেজের ১৫০ বছর উদ্যাপনে প্রচার ও মিডিয়া কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
রাজশাহী কলেজের ১৫০ বছর উদ্যাপনে প্রচার ও মিডিয়া কমিটির সভা

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রচার ও মিডিয়া এবং নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।


সভায় কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের কয়েকজন পেশাদার শিল্পীও অংশ নেবেন।


সভায় সভাপতিত্ব করেন কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।  ১৫০ বছর উদ্যাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব সভাটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শিক্ষার্থীরা।


সভায় জানানো হয়, প্রস্তুতিমূলক আলোচনা শেষে প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির মূল কমিটি ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সংশ্লিষ্টরা অনুষ্ঠানটির প্রচার, গণমাধ্যমে তথ্য প্রচার এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন।


এদিকে, ১৫০ বছর পূর্তি উদ্যাপনকে ঘিরে ইতোমধ্যে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে সভায় জানানো হয়। আয়োজকরা আগ্রহী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।