মাদ্রাসাছাত্রকে বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফলে এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম গাজীপুরের কালিয়াকৈরে একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আসমির বয়স সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “আসামি বয়স ১৮ বছরের নিচে হবে এবং সে অপ্রাপ্ত বয়স্ক।”এদিকে, মামলায় প্রধান আসামির বয়স ২০ বছর লেখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, ভুক্তভোগীকে মাদ্রাসায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে, এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। অন্য চারজনের বিরুদ্ধে বলাৎকারে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি