শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

রাজশাহী থেকে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
রাজশাহী থেকে বাস চলাচল শুরু

সাড়ে তিনঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার রাজশাহী থেকে আবার সব বাস চালু করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


শ্রমিকরা জানান, এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রামীণ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের বাস নাটোর পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা আটকে দেন। খবর পেয়ে সকাল ৯টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বাস চলাচল ও কাউন্টারগুলো বন্ধ করে দেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা।


ফলে রাজশাহী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস বন্ধের এই সিদ্ধান্তে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।


পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোর হাইওয়েতে গাড়ি চলাচলের সময় প্রায়ই তারা হয়রানি ও লাঞ্ছনার শিকার হন। গত চার মাসে মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে এখানে তিনবার বাস ধর্মঘটের ঘটনা ঘটেছে।


দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, সড়ক পরিবহন মন্ত্রীর আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টা থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি মালিকরা তাকে জানিয়েছিল। তিনি নাটোর ও রাজশাহীর নেতাদের সঙ্গে কথা বলেন।


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে বিষয়টি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসব। আশা করি, এবার দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।#