বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

কবর খুড়ে কঙ্কাল চুরি: দায় স্বীকার করল স্কুলছাত্র

সোনার দেশ ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
কবর খুড়ে কঙ্কাল চুরি: দায় স্বীকার করল স্কুলছাত্র
সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে রাতের অন্ধকারে কবর খুঁড়ে এক বৃদ্ধের কঙ্কাল চুরি করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এক স্কুল শিক্ষার্থী জড়িত বলে অভিযোগ উঠেছে।


ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিয়াম হোসেন (১৪) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সাত মাস আগে বড় শিবপুর কাজিপাড়া গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমানের মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্প্রতি স্থানীয়রা কবরটির মাটি খোড়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, ভেতর থেকে কঙ্কাল গায়েব হয়ে গেছে।


কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসীর অনুসন্ধানে উঠে আসে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের নাম।


প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে ও জগদ্দল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন বলেছেন, “আমরা এ বিষয়ে খোঁজ-খবর শুরু করলে ওই শিক্ষার্থীর নাম উঠে আসে। গত শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে এক সালিশ বৈঠকে সিয়াম স্বীকার করে যে, আনুমানিক ২০-২৫ দিন আগে সে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কালটি চুরি করেছিল।”


এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মওদুদ আহমেদ মহিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সালিশে উপস্থিত থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।


ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেছেন, “ঘটনাটি আমরা মৌখিকভাবে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি