বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

সিংড়া প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
সিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া কবরস্থান স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন মহল্লার নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন।


এদিন চকসিংড়া, সরকারপাড়া, পেট্রোবাংলা, শোলাকুড়া ও সোহাগবাড়ি মহল্লার প্রায় অর্ধশত মানুষ স্বেচ্ছায় কবরস্থানে জড়ো হন। তারা কবরস্থানের আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে কবরস্থানটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরে পায়।


কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “কবরস্থান আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কমিটির দায়িত্ব নয়, সবার নৈতিক দায়িত্ব। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম সফল হয়েছে।”


চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আহমদ আলী বলেন, “মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও কবরস্থানসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”


চকসিংড়া কবরস্থান কমিটির সদস্য আবুল কালাম আজাদ বলেন, “কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হবে।”


চকসিংড়া ইদগাহ মাঠ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, “স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কার করার উদ্যোগটি অত্যন্ত ভালো একটি সামাজিক কাজ। এতে শুধু কবরস্থান পরিষ্কার হচ্ছে না, মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও তৈরি হচ্ছে। এমন উদ্যোগে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।”


চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মামুনুর রশিদ বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কবরস্থান আমাদের মৃত স্বজনদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। তাই এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ যারা স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়েছেন, তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”


স্থানীয়রা জানান, স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারের এ উদ্যোগ এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে।