সহিংসতা প্রতিরোধে রাবির মনোবিজ্ঞান বিভাগের সঙ্গে ‘নেট টু রাইটস’-এর সংলাপ
সহিংসতা শুধু একটি পারিবারিক সংকট নয়, এটি ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদার সঙ্গেও গভীরভাবে জড়িত। কিন্তু ভয়, সামাজিক সংকোচ ও মর্যাদা রক্ষার চাপে সহিংসতার বহু ঘটনা এখনো প্রকাশ্যে আসে না। এই নীরবতা ভেঙে সহিংসতা প্রতিরোধে সমাজভিত্তিক উদ্যোগ জোরদার করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ‘নেট টু রাইটস’।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বিনোদনপুর এলাকায় প্যাসিল্ক মনের যত্ন কাউন্সিলিং সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করেছে প্রজেক্ট টু কমব্যাট ডমেস্টিক ভায়োলেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডভোকেসি (নেট টু রাইটস)। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানজির আহম্মদ তুষার। এতে সভাপতিত্ব করেন নেট টু রাইটসের সাধারণ সম্পাদক রায়হান আলী মৃধা। সংগঠনটির কোঅর্ডিনেটর রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুলফাওয়ের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
মতবিনিময় সভায় নেট টু রাইটসের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, পারিবারিক সহিংসতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তার পথ তৈরি এবং অ্যাডভোকেসির মাধ্যমে প্রতিরোধমূলক সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এছাড়া পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
বিশেষ করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা, সচেতনতা মূলক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য সেবা এবং ভুক্তভোগী বান্ধব সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে মতবিনিময় করেন। সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান শিরীন, অধ্যাপক ফারহানা অরিন, প্রফেশনাল সাইকোলজিস্ট তাসমীম তামান্না কনি, ফারহানা মাহমুদ, মাহমুদ আলম ও আবদুল্লাহ আল মামুন। সভায় রাবির মনোবিজ্ঞান বিভাগের ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।