নাটোরে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার হাগুরিয়া এলাকার এফ,এন,এ ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গেন্দুকুড়ি গ্রামের মমিন আলীর ছেলে রহমান (৪৭) এবং নাটোর জেলার লালপুর উপজেলার গোত্রা শিলান গ্রামের মানিক খানের ছেলে ফিরোজ খান (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সদর উপজেলার হাগুরিয়া এলাকার এফ,এন,এ ফিলিং স্টেশনের সামনে রাজদ্রুত নামে যাত্রীবাহী বাস-পাবনা -ব ১১-০২২৮, তল্লাশি চালানো হয়। এ সময় বাসটিতে পিছনের ছিটে ডান দিকে বসা টিকিট বিহীন যাত্রী হাবিবুর রহমান এর ডান হাতে থাকা দুই পায়ের মাঝখানে রক্ষিত কাঠের বাক্সের পলিথিনে মোড়ানো তার কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর, উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।