রাজশাহীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক খাতের উন্নয়নে মতবিনিময় সভা
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নানা সমস্যা নিয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের সিএন্ডবি মোড় এলাকার নানকিং দরবার হলে এ সভার আয়োজন করে বিপিএইচসিডিএর রাজশাহী জেলা শাখা। সভায় প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রিলিজ।
এসময় বিপিএইচসিডিএ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. এ এম শামীম, যুগ্ম মহাসচিব মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সহ-সভাপতি ডা. এসএমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা। আরও বক্তব্য রাখেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম।
সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা সংগঠনটির কার্যক্রম শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।