রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬

বগুড়ায় বাউল শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সোনার দেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
বগুড়ায় বাউল শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
অভিযুক্ত দুই যুবক

বগুড়ার শেরপুরে এক বাউল শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।


এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে শনিবার ভোরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।



গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দুবলাগাড়ি গ্রামের রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)। মামলায় তাদের সঙ্গে আরো সাতজনকে আসামি করা হয়েছে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী স্থানীয় একজন বাউল শিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর শহরে আসেন। পরে রায়হান তাকে চাচার বাসায় পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে কৌশলে সঙ্গে নিয়ে যান। এরপর পৃথক স্থানে রায়হান ও পারভেজ তাকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় আরো কয়েকজন ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান।


ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে। ৯৯৯-এ ফোন দিলে শনিবার ভোরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত রায়হান ও পারভেজকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।


জয়নুল আবেদীন বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 


তথ্যসূত্র: রাইজিংবিডি