বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সান্তাহারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
সান্তাহারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সান্তাহার জংশন স্টেশনের  ট্রান্সশীপমেন্ট ইয়ার্ড এলাকার একটি গাছ থেকে বাধন হোসেন(২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।


বাঁধন হোসেন সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড  কলোনীর মাসুদ পারভেজ-এর  ছেলে । পুলিশ মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার হেফাজতে নিয়েছে।


সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানা গেছে, রোববার ভোরে স্থানীয়  লোকজন সান্তাহার স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকার একটি গাছে বাধনের মরদেহ ঝুলে থাকতে  দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দীন জানান, বাধন একটি মামলায় দীর্ঘদিন ধরে  কারাগারে ছিলেন। কিছুদিন আগে সে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসেন এবং বিয়ে করেন। বাঁধন সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারীর কাজ করতেন।


সান্তাহার টাউন পুলিশ ফাড়ির পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, বাঁধনের মৃত্যুটি সন্দেহজনক। তার গলায রশি থাকলেও দুটি পা  মাটিতে ঠেকে ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সান্তাহার রেলওয়ে  থানার ওসি দুলাল হোসেন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রযেছে।