বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’-কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


জানা যায়, ওই কারখানাতে অভিযানের সময় পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করা এবং ময়লা মেঝেতেই চানাচুরে মসলা মাখানো হচ্ছিল, দীর্ঘদিনের পোড়া তেল এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নোংরা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লাযুক্ত মেঝেতেই উৎপাদিত খাদ্যপণ্য সংরক্ষণ, কারখানার খাদ্যকর্মীরা কোনো ধরনের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ অত্যন্ত উদ্বেগজনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নানা অনিয়ম পরিলক্ষিত হয়।


স্বাস্থ্যঝুঁকি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন।


অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধি মেনে সম্পূর্ণ নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।