বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মান্দা প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক কারবারের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।


রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন ও মীরপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলী (৩১) ও মীরপুর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মান্দা থানার পুলিশের একটি দল কাঞ্চন গ্রামে আরমান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৭০পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেখান থেকে আরমান আলী ও আইজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।