নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কর্মসূচি উদ্বোধন
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষ্যে তিন মাস ব্যাপী নাটোরে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নাটোর শহরের মাদ্রাসামোড়ে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ফোগার মেশিন দিয়ে মোশক নিধন ও লিফলেট বিতরনের বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর পৌরসভার পৌর প্রশাসক শামিম হোসেন, সিভিল সার্জন মশিউর রহমান,নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা প্রশাসক বাসস’কে বলেন, সমন্বিত প্রচেষ্টায় আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চাই, ডেঙ্গু প্রতিরোধ করতে চাই।
নাটোর পৌরসভার প্রশাসক শামীম হোসেন জানান, পৌর এলাকায় পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যবিধি সম্বলিত পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় অন্য বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব।