পদ্মা নৌকাডুবির পর ভারতীয় ভূখণ্ডে ভেসে যান ১০ জন, উদ্ধার করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ভারতীয় সীমান্ত এলাকায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন। তিনি জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ১১ বা ১২ জনের একটি দল ডিঙি নৌকায় জহরপুর ক্যাম্প ও নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার দিকে যাচ্ছিল। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতার কেটে উদ্ধার হন। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, নৌকায় থাকা বাকি ১০ বা ১১ জন নদীর স্রোতে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান। পরে বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন।
তিনি আরও জানান, নৌকাটিতে নারী, পুরুষ ও শিশুও ছিলেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা। এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া বাংলাদেশিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।