পবায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে সফটস্কিল প্রশিক্ষণ শুরু
বংশপরম্পরায় চলে আসা পেশাই এখনো অনেক মানুষের জীবিকার প্রধান অবলম্বন। তবে সময়ের পরিবর্তন ও বাজারের প্রতিযোগিতায় শুধু পেশাগত দক্ষতা থাকলেই এখন টিকে থাকা কঠিন। যোগাযোগ, আচরণ, সময় ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার মতো দক্ষতার ঘাটতিতে অনেক প্রান্তিক পেশাজীবী তাঁদের কাজ ও পণ্যের যথাযথ মূল্যায়ন থেকে পিছিয়ে পড়ছেন।
এমন বাস্তবতায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে জীবনমান উন্নয়নের লক্ষ্যে পবায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ঐতিহ্যবাহী পেশাগুলো টিকিয়ে রাখার পাশাপাশি পেশাজীবীদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, শুধু আর্থিক সহায়তা দিলেই হবে না, দক্ষতা অর্জনের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে। দক্ষতা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পুঁজি কাজে লাগাতে পারলে তাঁরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, কামার, কুমার, জুতা মেরামতকারী, নাপিত, লোকজ যন্ত্রশিল্পী, নকশিকাঁথা শিল্পী এবং বাঁশ ও বেতের পণ্য প্রস্তুতকারীসহ ১০টি আদি পেশার ৩০ জন পেশাজীবী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে যোগাযোগ দক্ষতা, আচরণ, সময় ব্যবস্থাপনা ও গ্রাহকসেবাসহ পেশাগত জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সফটস্কিল বিষয়ে ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
একই সঙ্গে নিজ নিজ পেশার উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির জন্য প্রত্যেককে এককালীন ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পবা উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। এ সময় জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।