শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন

রাবি প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন
রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ইতিহাস বিভাগের ফুটবল দলের খেলোয়াড় আবু সুয়াইব মোহাম্মদ জিম গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড অব ১৬-এর ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।


জানা গেছে, নির্ধারিত সময়ের খেলায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ১-১ গোলে সমতায় ছিল। পরে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয় পায়। খেলা শেষে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে স্লেজিং ও উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।


ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের সময় তাঁদের এক খেলোয়াড়ের মাথায় ইটের আঘাত লাগে। অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের দাবি, ইতিহাস বিভাগের গ্যালারি থেকে তাঁদের গোলরক্ষকের দিকে ইট ছোড়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে।


ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে দুই বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগমও ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন।