শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আত্রাইয়ে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর নদী পার হয়ে সার আনতে বাড়তি খরচ, সময়ও যাচ্ছে নষ্ট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
আত্রাইয়ে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর  নদী পার হয়ে সার আনতে বাড়তি খরচ, সময়ও যাচ্ছে নষ্ট

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নদীর দক্ষিণ তীরে ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসহ আবেদন করেছেন স্থানীয় কৃষকেরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তারা এ আবেদন করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।



স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশা ইউনিয়নের প্রায় মাঝ বরাবর দিয়ে আত্রাই-গুড় নদী বয়ে গেছে। নদীর দক্ষিণ তীরে হরিপুর, সুদরানা, বিশা, বৈঠাখালী, ডুবাই, উদয়পুর, পারমোহনঘোষ ও থলওলমাসহ প্রায় ১২টি গ্রাম রয়েছে। এসব গ্রামের কৃষকদের জন্য বর্তমানে একজন বিসিআইসি ও দুজন বিএডিসি সার ডিলার নদীর উত্তর তীরের সমসপাড়া বাজারে বসেন।


ফলে নদীর দক্ষিণ তীরের কৃষকদের সার সংগ্রহ করতে প্রতিদিন নদী পার হয়ে সমসপাড়া বাজারে যেতে হয়। এতে তাঁদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি নদী পারাপার ও সার পরিবহনে বস্তাপ্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা অতিরিক্ত খরচ হয়। এতে কৃষকদের দুর্ভোগের পাশাপাশি বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও।


কৃষকদের সময় ও অতিরিক্ত খরচ কমাতে ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে স্থানীয় কৃষকেরা গণস্বাক্ষর সংগ্রহ করেন। পরে বুধবার বিকেলে তাঁরা গণস্বাক্ষরসহ আবেদনটি ইউএনওর কাছে জমা দেন।


হরিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘সার নিতে গেলে নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় অর্ধেক দিন চলে যায়। এতে সংসারের কাজকর্মেও চরম ক্ষতি হয়।

বৈঠাখালী গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, ‘মাত্র ১০ কেজি সার প্রয়োজন হলেও নদী পার হয়ে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই অপচয় হয়।’

ডুবাই গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘নদীর ওপার থেকে সার আনতে বস্তাপ্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা অতিরিক্ত খরচ হয়। ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার থাকলে অল্প সময়েই ভ্যান বা অন্য কোনো পরিবহনে সার নিয়ে আসতে পারব।’


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, বিশা ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের জন্য ১২ জন আবেদন করেছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে স্থানীয় কৃষকেরা আবেদন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।