বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মহানন্দায় গোসলে নেমে স্রোতে ডুবে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন
মহানন্দায় গোসলে নেমে স্রোতে ডুবে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়ার-ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় আধাঘণ্টার চেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর-ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবহানের ছেলে সাব্বির রহমান (১৯)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সামিউল ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা সাঁতার কাটতে কাটতে নদীর মাঝামাঝি চলে গেলে প্রবল স্রোতের টানে ভেসে যান। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে নদীতে নেমে পড়েন।


প্রায় আধাঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে সামিউল ও সাব্বিরের মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে দুই তরুণের মৃত্যুর বিষয়টি গোদাগাড়ী নৌ-পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নৌ-পুলিশ নেবে।


গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় বলেন, নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।