সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় র্যালি ও অগ্নিকাণ্ড-ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে বেরিয়ে আসা, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।