বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে শিয়ালের ভয়ে দৌড়ে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বদলগাছী প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
বদলগাছীতে শিয়ালের ভয়ে দৌড়ে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে শিয়াল দেখে ভয় পেয়ে দৌড়ে বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জগন্নাতপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাতপুর গ্রামের সোহেল মণ্ডল বাড়ির কাছেই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় তাঁর তিন বছরের মেয়ে সোহাগী বাবার সঙ্গে জমিতে যায়। জমি চাষের সময় শিশুটি জমির আইলে দাঁড়িয়ে ছিল।


একপর্যায়ে পাশের ধানখেত থেকে দুটি শিয়াল বের হয়ে এলে ভয় পেয়ে শিশুটি দৌড়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত সে বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ মর্মান্তিক ঘটনায় জগন্নাতপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।