গোদাগাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। এতে আগুন প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগের সময় নিরাপদে সরে যাওয়ার কৌশল তুলে ধরা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক বক্তব্য দেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ইনচার্জ) রফিকজ্জামান সরকার।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তি, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। সচেতনতা ও পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।