বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী চেম্বারের উদ্যোগে ২৬৫ গাছের চারা বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন
রাজশাহী চেম্বারের উদ্যোগে ২৬৫ গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির চতুর্থ ধাপে নগরীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২৬৫টি মেহগনি ও বিভিন্ন ফলদ গাছের চারা প্রদান করা হয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী চেম্বারের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, কোট একাডেমি ও কোর্ট মসজিদ প্রাঙ্গণে রোপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২৬৫টি গাছের চারা উপহার হিসেবে হস্তান্তর করা হয়।


এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরীর পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। সাম্প্রতিক তীব্র তাপদাহের কারণে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব আরও বেড়েছে।


তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের পাশাপাশি নগরীর সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।


রাজশাহী চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, নগরীর প্রধান সড়ক, বাইপাস সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও বিভিন্ন খালি জায়গায় গাছের চারা রোপণের লক্ষ্যে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. শামসুর রহমান শান্তন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ এবং পরিচালক মো. রেজাউল করিম, মো. গোলাম সাকলাইন ও মো. ফরহাদ হোসেন।