বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে রাতের আঁধারে আড়াই হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

শিবগঞ্জ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন
শিবগঞ্জে রাতের আঁধারে আড়াই হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় আড়াই হাজার অপরিপক্ব কলার থোড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক কৃষক শহিদুল ইসলাম। শনিবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বাগানে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি বাগানের মালিককে জানান।


ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় জমি লিজ নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরির জন্য তাঁকে ঋণ করে অর্থ সংগ্রহ করতে হয়েছে।


শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে তিনি বাগানটি গড়ে তুলেছেন। কলাগুলোও ধীরে ধীরে পরিপক্ব হচ্ছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে ফেলে।


এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, বাগানের ওপর করা বিনিয়োগের পাশাপাশি ঋণের টাকাও রয়েছে। কলাগুলো বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। এখন বাগান নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কৃষক শহিদুল ইসলাম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।