বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় ২০ শামুকখোল উদ্ধার, ৩ জনের জরিমানা ও কারাদণ্ড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
বাঘায় ২০ শামুকখোল উদ্ধার, ৩ জনের জরিমানা ও কারাদণ্ড

রাজশাহীর বাঘায় পদ্মার চর এলাকা থেকে ধরে আনা ২০টি শামুকখোল পাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বাঘা বাজার এলাকা থেকে পাখিগুলো উদ্ধারের পর এ দণ্ড দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৫), মিলিকবাঘা গ্রামের শহিদুজ্জামানের ছেলে সাকিবুর রহমান (২০) এবং চণ্ডীপুর গ্রামের জামাত আলীর ছেলে সাজের আলী (৪০) পদ্মার চর এলাকা থেকে ২০টি শামুকখোল পাখি ধরে আনেন। পরে পাখিগুলো বাঘা এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হলে পুলিশ তাদের আটক করে।


পরে আটক তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর আওতায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার করা ২০টি শামুকখোল পাখি প্রাথমিকভাবে বাঘা মাজার দিঘিতে অবমুক্ত করা হয়। পরে বন বিভাগের সহায়তায় পাখিগুলো রাজশাহী বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।