বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মহাদেবপুরে কারাম উৎসব, ভাষা-সংস্কৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
মহাদেবপুরে কারাম উৎসব, ভাষা-সংস্কৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ রাষ্ট্র ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার নাটশাল ফুটবল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ ও নাটশাল কারাম উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এর আগে বিকেল ৩টায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দীপঙ্কর উরাও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। প্রধান আলোচক ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির পরিচালক জগেন্দ্রনাথ টপ্প্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, জাতীয় আদিবাসী নারী পরিষদের নেত্রী নীতি মূর্মু, সাপাহার উপজেলা কমিটির সভাপতি স্বপন কুজুর, গবেশ টপ্প্যসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।


তারা বলেন, নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কারাম উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।


আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।


নাটশাল কারাম উৎসব উদ্যাপন কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।