বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় রাতব্যাপী পুলিশী অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, ভবানীগঞ্জ মহল্লার মাজেদুর রহমান (৫২), উপজেলা আ’লীগেরকার্যকরি কমিটির সদস্য ও বাসুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল বারিক (৫৫), নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ইয়াকুব আলী (৫৮) ও মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতা আমজাদ হোসেন (৪৫)। গ্রেপ্তারকৃতদের রোববার (২৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
জানা যায়, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে পরিবেশ নষ্ট করছে। দেশে যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেই জন্য দেশ ব্যাপী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য পুলিশের সাড়াশী অভিযান চলছে। ওই অভিযানের অংশ হিসেবে উপরোক্ত আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল ফাটানোর অভিযোগ আনা হয়েছে। চার নেতাকর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা যাতে কোন সহিংসতা সৃষ্টির সুযোগ না পায় সেজন্য পুলিশতৎপর রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলেবাগমার থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, রাত ব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।#