বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর, উৎকণ্ঠায় পরিবার

সকালের স্বাভাবিক ব্যস্ততা। বাড়ি থেকে বের হয়ে নিজের রড-সিমেন্টের দোকান শাফায়াত এন্টারপ্রাইজে যাওয়ার কথা ছিল মিজানুর রহমান বাদশার (৫৩)। কিন্তু দোকানে আর পৌঁছাননি তিনি। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বামীকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্ত্রী শামীমা খাতুন ও পরিবারের সদস্যদের।


পরিবার সূত্রে জানা যায়, শনিবার বাড়ি থেকে সকালে কৃষ্ণপুর মোড়ে নিজের রড-সিমেন্টের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন মিজানুর রহমান বাদশা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি এবং দোকানেও পৌঁছাননি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বাড়তে থাকে। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে পরিবার জানিয়েছে।


রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও কোনো সন্ধান না পেয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বামীকে হারিয়ে শামীমা খাতুন বলেন, ‘আমার স্বামী প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—কিছুই জানি না। আমরা পরিবারের সবাই ভীষণ দুশ্চিন্তায় আছি।’ তিনি আরও বলেন, ‘আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি।


প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’ তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মিজানুর রহমান বাদশা নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয়ভাবে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নিচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাঁর সন্ধানে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।