চারঘাটে ২০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর (এসকে বাদাল) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুলিয়া বেগম চারঘাট উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামের সমুন আলীর স্ত্রী।
রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিবপুর (এসকে বাদাল) গ্রামে রুলিয়া বেগমের মা মোসা. জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে রাত ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুলিয়া বেগম দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে রাত ৭টা ১০ মিনিটের দিকে তাকে আটক করে বিধি অনুযায়ী দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনে থাকা পায়জামার ডান কোচর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রুলিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।