রাজশাহীতে সর্পদংশন সচেতনতা প্রশিক্ষণ, রোপণ করা হলো ৫০ তালগাছ
রাজশাহীতে সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে রোপণ করা হয়েছে ৫০টি তালগাছের চারা।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপ চেনার উপায়, সর্পদংশন থেকে বাঁচার করণীয়, দংশনের পর প্রাথমিক পদক্ষেপ ও চিকিৎসা, সাপ উদ্ধার (রেসকিউ), নিরাপদে ধরার পদ্ধতি এবং উদ্ধার করা সাপকে উপযুক্ত পরিবেশে অবমুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ দেখলেই না মেরে নিরাপদে উদ্ধার এবং যথাযথ স্থানে অবমুক্ত করার বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সর্পদংশনের পর প্রচলিত ভুল চিকিৎসা বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ সহায়ক হিসেবে তালগাছের চারা বিতরণ করা হয়।
পরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।