বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিয়ামতপুরে ‘ভুঁইফোড়’ সাংবাদিক সংগঠন ও অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ‘ভুঁইফোড়’ সাংবাদিক সংগঠন ও অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে কথিত ‘ভুঁইফোড়’ সাংবাদিক সংগঠন, অনিবন্ধিত সংবাদমাধ্যমের নামে সাংবাদিক পরিচয় ব্যবহার, মিথ্যা প্রচারণা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব।


মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে অফিসে অফিসে চাঁদাবাজি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ বলেন, যারা বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারণে পেশাদার সাংবাদিকদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এবং সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকতার নামে প্রতিনিয়ত নতুন নতুন সংগঠন তৈরির প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।


নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে সাংবাদিকতা করার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠনের নামে আত্মপ্রকাশের প্রবণতা দেখা যাচ্ছে। এসব সংগঠনের কমিটিতে নিবন্ধনবিহীন পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।


নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুহুল আমিন শেখ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আলমগীর কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।


বক্তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি, মিথ্যা প্রচারণা ও অপসাংবাদিকতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।