বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় পদ্মার চরে গুলিতে মাছ শিকারি আহত, স্পিডবোট নিয়ে যাওয়ার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১ অপরাহ্ন
বাঘায় পদ্মার চরে গুলিতে মাছ শিকারি আহত, স্পিডবোট নিয়ে যাওয়ার অভিযোগ

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামে এক মাছ শিকারি আহত হয়েছেন। এ সময় ঘাটে বাঁধা থাকা একটি স্পিডবোট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খানপুর নিচপলাশি এলাকার পদ্মা নদীর রাজুর ঘাটে এ ঘটনা ঘটে।


আহত মিনারুল ইসলাম প্রামাণিক খানপুর নিচপলাশি চরের মৃত জামাত আলী প্রামাণিকের ছেলে। গুলিতে তাঁর পিঠে আঘাত লাগে। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়দের ভাষ্য, সোমবার সকালে মিনারুলসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় একটি স্পিডবোটে করে কয়েকজন ব্যক্তি রাজুর ঘাটে এসে এলোপাতাড়ি গুলি ছোড়েন। স্থানীয়দের অভিযোগ, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা ঘাটে বাঁধা থাকা ‘মোমতাজ বাহিনীর’ একটি স্পিডবোট নিয়ে চলে যান। এ সময় ছোড়া গুলির একটি মিনারুলের পিঠে লাগে।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য গুলি ছুড়েছে। এতে মিনারুল নামে একজন আহত হয়েছেন। তাঁর পিঠে গুলি লেগেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।