ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণ
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবিলক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, রোববার (৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় দ্বীপে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে বিস্ফোরণের উৎস কিংবা এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলোও বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
গত কয়েক দিন ধরে কেশম দ্বীপের আশপাশে একাধিকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ রোববারের ঘটনার আগে শনিবারও সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে এসব ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা।
সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালির দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দ্বীপের ভেতরে কোনো নিরাপত্তাজনিত ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনার ঘটনার আগে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় একটি ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজের কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ এবং হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি
।
তথ্যসূত্র: বাংলানিউজ