আবারো দিল্লিতে ভেঙে পড়ল আবাসিক ভবন
দিল্লিতে আবারো ভেঙে পড়ল আবাসিক ভবন। একটি পাঁচতলা ভবনের সামনের অংশ বুধবার বিকেলে আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা।
উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা নাগাদ ভবনটি ভেঙে পড়ে। দমকল বিভাগ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। এলাকার যান চলাচলে রাশ টানা হয়েছে। ঠিক কত জন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, এখনো স্পষ্ট নয়। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও জানা যায়নি। প্রাথমিকভাবে উদ্ধারকাজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধ্বংস্তূপের সামনে লোকজন জড়ো হয়েছেন। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। খালি হাতেই অনেকে কংক্রিটের চাঁই সরানোর চেষ্টা করছেন। দিল্লি ট্রাফিক পুলিশ সমাজমাধ্যমে পোস্ট করে সীমাপুরী এলাকা আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তা ফাঁকা করা হচ্ছে।
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু আরো কত জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভিতরে কারা আটকে আছেন, এখনো স্পষ্ট নয়।
গত ৬ সেপ্টেম্বর দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা একটি হোস্টেল ভেঙে পড়েছিল। ধ্বংসস্তূপ থেকে মোট ১২ জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে সাত জনেরই মৃত্যু হয়। জখম হন পাঁচ জন। ওই ভবনে পেয়িং গেস্ট হিসেবে মূলত ছাত্ররা থাকতেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি