জ্বালানির বাজারে নতুন সমীকরণ: যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানি করবে রাশিয়া
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহের অনুমতি দিতে অবিলম্বে একটি অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তাঁর ‘অত্যন্ত সফল আলোচনা’ হয়েছে। তিনি লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এইমাত্র আমার অত্যন্ত সফল আলোচনা শেষ হয়েছে। রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে বলে তারা সম্মত হয়েছে। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর অব্যবহিত পরেই ১০ লাখ টন সরবরাহ করা হবে।’
রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হতে পারে বলেও জানান ট্রাম্প। তার দাবি, এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেলের দাম দ্রুত ও রেকর্ড পরিমাণে কমে আসবে।
পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কৃষক, খামারমালিক ও ট্রাকচালকদের জন্য জ্বালানির দাম কমানো তাঁর অগ্রাধিকার। জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনীতিতে এর প্রভাব আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় বৈশ্বিক জ্বালানি খাত, ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা, ইরানের পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্ব পেয়েছে।
পুতিন বলেন, ‘বৈশ্বিক জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। আমি নিশ্চিত, এটি সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
ট্রাম্পও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চুক্তিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চুক্তিটি করতে পেরে আমি খুবই খুশি। আমাদের তেলের দাম দরকার ছিলৃ যা ইতিমধ্যে পাথরের মতো দ্রুত নিচে নেমে যাচ্ছে।’
এদিকে, ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর মার্কিন অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহের অনুমতি দিতে অবিলম্বে একটি অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।
পরে অর্থ মন্ত্রণালয় একটি সাধারণ লাইসেন্স জারি করে। এর আওতায় রাশিয়ায় উৎপাদিত ডিজেল জ্বালানির বিক্রয়, সরবরাহ, জাহাজ থেকে খালাস এবং আমদানিসংক্রান্ত লেনদেন আগামী বছরের ৭ এপ্রিল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ