মক্কা ও মদিনা ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথিরা। রবিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হুমকি দিয়েছেন।
তিনি এক্স-এ এক পোস্টে বলেছেন, “ সমস্ত শিপিং কোম্পানি, বিমান সংস্থা, কর্মী, শ্রমিক এবং ভ্রমণকারীদের সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে পুনরায় সতর্ক করা হচ্ছে। কারণ এগুলো আমাদের বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং আমাদের সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত।”
সারি জানিয়েছেন, মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে যেকোনো ধরনের হামলার আওতামুক্ত রাখা হয়েছে।
শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সম্প্রতি লড়াই তীব্র আকার ধারণ করায় যুদ্ধের পরিধিও বিস্তৃত হয়েছে।
রোববার হুথিদের এই হামলাকে ‘পুর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আন্তর্জাতিক আইন মেনে এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
তথ্যসূত্র: রাইজিংবিডি