বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদলাচ্ছেন সৌদি যুবরাজ!
সৌদি আরবে নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় বাংকার-সুবিধাসহ কড়া নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এতে সৌদিকে বৈশ্বিক পর্যটন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার যুবরাজের পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী যুবরাজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাছাই করা একটি বিশেষ নিরাপত্তা দল।
গত মঙ্গলবার জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, হুথিদের হামলা জোরদার হওয়ায় রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
শহরের আর্থিক এলাকার কর্মী, আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থী ও কূটনীতিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বা ভবন থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি স্কুল বন্ধ করে অনলাইনে পাঠদানও চালু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থার মজুদ কমে আসছে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। একাধিক স্থানে হামলার আশঙ্কায় দেশটি রাজপ্রাসাদ ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর মতো কৌশলগত স্থানের মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থানান্তর করছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রও পাল্টা হামলায় যোগ দিতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে হুথিরা। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এ ছাড়া সোমবারের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্রমবর্ধমান নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যয়ের কারণে সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনাও চাপের মুখে পড়তে পারে।
তথ্যসূত্র: বাংলানিউজ