বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
নগরীতে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় রাজশাহীর একটি জুয়েলারি দোকান থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। একই কৌশলে বগুড়ার একটি দোকান থেকে আত্মসাৎ করা আরেকটি চেইনও উদ্ধার করেছে পুলিশ।


আরএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজারে ‘আশা জুয়েলারি স্টোরে’ গিয়ে এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দেন। তিনি এক মেজরের মেয়ের বিয়ের জন্য গহনা কেনার কথা বলে ৭০০ টাকায় একটি নাকফুল কেনেন। পাশাপাশি আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন পরে নেওয়ার কথা জানান।


এরপর গত ২৭ সেপ্টেম্বর সকালে ওই ব্যক্তি চেইন নিতে দোকানে আসেন। দোকানে চেইন না থাকায় পাশের একটি দোকান থেকে ২২ ক্যারেটের আট আনা এক পয়েন্ট ওজনের চেইন এনে তাঁকে দেওয়া হয়। চেইনটির বাজারমূল্য ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। এ সময় ওই ব্যক্তি এক হাজার টাকা মূল্যমানের ১১৫টি নতুন নোট দেন। দোকানমালিকের বাবা নোটগুলো যাচাই করতে পাশের দোকানে গেলে সেগুলো জাল বলে শনাক্ত হয়। তিনি ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি চেইন নিয়ে পালিয়ে গেছেন।


ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির পরিচয় শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার খিলক্ষেত থানার জামতলা মোড় এলাকা থেকে মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার উত্তর মারাবাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত টানপাড়া এলাকায় বসবাস করেন।


পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রিয়াজুল স্বীকার করেন, আত্মসাৎ করা চেইনটি তিনি জামতলা মোড়ের ‘মা জুয়েলার্স’-এর মালিক মো. রোমানের কাছে বিক্রি করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে রোমানকে গ্রেপ্তার এবং রাজশাহীর দোকান থেকে নেওয়া চেইনটি উদ্ধার করা হয়।


তদন্তে আরও জানা যায়, একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার নিউ মার্কেটের স্বর্ণপট্টিতে অবস্থিত ‘তামান্না জুয়েলার্স’ থেকে ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে আট আনা তিন রতি তিন পয়েন্ট ওজনের একটি স্বর্ণের চেইন আত্মসাৎ করেন রিয়াজুল। বোয়ালিয়া মডেল থানা পুলিশ ওই চেইনটিও উদ্ধার করেছে। এ ছাড়া রিয়াজুলের কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ১৪ হাজার ৯৭২ টাকা জব্দ করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজুলের বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।