রাবিতে ৬২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পেলেন বৃত্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৬২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিভাগের ফজলুল হালিম চৌধুরী গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে স্নাতক পর্যায়ের ৩৯ জন অসচ্ছল শিক্ষার্থী ‘সানজিদা রহমান স্কলারশিপ’, ১৭ জন অসচ্ছল শিক্ষার্থী ‘প্রফেসর এম আনিছুর রহমান স্কলারশিপ’ এবং স্নাতকোত্তর পর্যায়ের ছয়জন কৃতী শিক্ষার্থী ‘ইউএসএ-কানাডা মেরিট স্কলারশিপ’ পেয়েছেন।
বিভাগের সভাপতি প্রফেসর মো. রিজাউল করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য দেন প্রফেসর মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. মো. ছাইফুল ইসলাম।
বক্তব্যে উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বৃত্তির সুযোগ দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, এসব বৃত্তি প্রদানের মাধ্যমে বৃত্তিদাতাদের বিভাগের প্রতি মমত্ববোধ এবং উচ্চশিক্ষাকে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ পেয়েছে।
উপাচার্য আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরিচালিত উদ্ভাবনী গবেষণার প্রতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ছে। আগামীতে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় শিল্প, প্রযুক্তি ও চাকরিদাতা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে আসার কথা জানিয়েছে। এর মাধ্যমে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন’-এর নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর মো. আব্দুল আলিম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং বৃত্তির সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি বৃত্তির জন্য অর্থ দানকারীদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।