রাবি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের শিক্ষক ড. ফজলুল হক তুহিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চ্যান্সেলরের পুরস্কার, কৃতী শিক্ষার্থী পুরস্কার, উপাচার্যের পুরস্কার, মেধা পুরস্কার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও চৌকস শিক্ষার্থী পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। পাশাপাশি মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, শিক্ষার্থীদের অর্জিত সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।