বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

হাত-পা বেঁধে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
হাত-পা বেঁধে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
নিহত তারেক রহমান

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে আবারও মাদকে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন। বুধবার (১৪ অক্টোবর) রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর চালান। এক পর্যায়ে বাবা অলিউর রহমান তার হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়।


ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র: জাগোনিউজ