সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

স্মৃতি রেখা রায়ের ছোটগল্পের বই ‘হৃদয়ের গোপন জানালা’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
স্মৃতি রেখা রায়ের ছোটগল্পের বই ‘হৃদয়ের গোপন জানালা’র মোড়ক উন্মোচন

সামাজিক জীবনের বিচিত্র অনুভূতি, শ্রেণিভিত্তিক মানুষের জীবনসংগ্রাম, অপ্রাপ্তি ও ভালোবাসার নানা মাত্রা নিয়ে লেখিকা স্মৃতি রেখা রায়ের ছোটগল্পের বই ‘হৃদয়ের গোপন জানালা’ প্রকাশিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর সুলতানাবাদ এলাকার ‘দেবালয়’ পূজামণ্ডপ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।


‘হৃদয়ের গোপন জানালা’ গল্পসংকলনে সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের দীর্ঘশ্বাস ও হতাশার পাশাপাশি বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ দিন কাটানো প্রবীণ পিতামাতার হৃদয়ের গভীর আকুতিও তুলে ধরেছেন লেখিকা। অপ্রাপ্তির মধ্যেও কিছু প্রেম কীভাবে হৃদয়ের গোপন জানালায় আলো-বাতাস নিয়ে বেঁচে থাকে, তা-ই বইটির অন্যতম উপজীব্য।


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, সাবেক উপাধ্যক্ষ ড. নাজনীন সুলতানা, সংগীতজ্ঞ মঞ্জুশ্রী রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অচিন্ত সরকার, বিশিষ্ট চিকিৎসক ডা. দেবাশীষ রায়, মো. হাবিবুর রহমান এবং ‘সপ্তর্ষি’ প্রকাশনীর সম্পাদক শিবু ওঝা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা লেখিকার সাহিত্যচর্চার উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।


১৯৬৫ সালের ১ জানুয়ারি রাজশাহীর একটি সম্ভ্রান্ত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন স্মৃতি রেখা রায়। তাঁর বাবা বিমল চন্দ্র মজুমদার ও মা নীলিমা মজুমদার। তিন সন্তানের মধ্যে তিনি অন্যতম। বিবি হিন্দু একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে রাজশাহী কলেজে পড়াশোনা করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের একজন প্রবীণ আবৃত্তিশিল্পী এবং বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সক্রিয় সদস্য।


ব্যক্তিগত জীবনে স্মৃতি রেখা রায় দেশের স্বনামধন্য চিকিৎসক ডা. দেবাশীষ রায়ের সহধর্মিণী। তাঁর শ্বশুর ছিলেন তৎকালীন ডিআইজি (প্রিজন্স) নির্মলেন্দু রায়। তাঁদের একমাত্র সন্তান দেবজ্যোতি রায় পেশায় একজন প্লাস্টিক সার্জন। স্বামীর পেশাগত প্রশিক্ষণ ও গবেষণার সূত্রে এশিয়া, ইউরোপ ও আমেরিকার প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন স্মৃতি রেখা রায়। এসব ভ্রমণ তাঁর সাহিত্যচিন্তা ও জীবনবোধকে সমৃদ্ধ করেছে বলে জানা গেছে।


এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বসন্ত মোহিনী’। গ্রন্থটি সুধীমহলে প্রশংসা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


‘হৃদয়ের গোপন জানালা’ প্রকাশ করেছে রাজধানীর বাংলাবাজারের ৩৭/১ খান প্লাজায় অবস্থিত ‘সপ্তর্ষি’ প্রকাশনী। বইটি সম্পাদনা করেছেন প্রকাশনীর সম্পাদক শিবু ওঝা। ভারতের কলকাতার কলেজ স্কয়ারে অবস্থিত নবধারা পাবলিকেশন ও সপ্তর্ষি কম্পিউটার্স থেকেও বইটি পাওয়া যাবে।