সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

দুর্গাপূজায় প্রথমবার রাজশাহীতে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
দুর্গাপূজায় প্রথমবার রাজশাহীতে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী: এমপি মিলন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী ২০ অক্টোবর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপূজা চলাকালে কোনো প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এটিই প্রথম বলে দাবি করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর জন্য ঐতিহাসিক ঘটনা। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার নবরূপ ক্লাব মন্দির পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংসদ সদস্য মিলন। এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহীবাসী শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহীর সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা বহন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সংসদ সদস্য মিলন জানান, আগামী ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীবাসীকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন।


তারেক রহমানের পরিবারের আন্তর্জাতিক অর্জনের প্রসঙ্গ তুলে শফিকুল হক মিলন বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তিনি নিজেও জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। একই পরিবারের তিনজনের জাতিসংঘে বক্তব্য দেওয়াকে তিনি বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন। এদিকে সংসদ সদস্য শফিকুল হক মিলন রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন এলাকার মোট ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং নওহাটা পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার।