রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষকের যাবজ্জীবন

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে মক্তবের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ির হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের সন্তান।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও মক্তবে শিক্ষকতা করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়।


অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি।


পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ২০২১ সালের ৫ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।


তথ্যসূত্র: বাংলানিউজ