শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

শ্রীপুরে তিস্তা এক্সপ্রেসে ছুরিকাহত যাত্রী, হাসপাতালে ভর্তি

সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১২:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
শ্রীপুরে তিস্তা এক্সপ্রেসে ছুরিকাহত যাত্রী, হাসপাতালে ভর্তি
আহত ট্রেন যাত্রীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত ওই যাত্রীকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

আহত যাত্রীর নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর একটি বগি থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান। পরে তারা রক্তাক্ত অবস্থায় আনারুলকে উদ্ধার করেন। তার পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এরপর দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তোফায়েল হোসেন জানান, আহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার রক্তচাপ কমে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, তিস্তা এক্সপ্রেসের শ্রীপুর স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি নেই। অন্য ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের কারণে ট্রেনটি সেখানে দাঁড়িয়েছিল। ওই সময় আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, তিনি ট্রেনের ভেতরে নাকি ছাদে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।


শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: রাইজিংবিডি