যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১৫৭৪ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন অন্তত ৩৮ জন।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার ৬৮৭ জন।
বর্তমানে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭০ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জন।
তথ্যসূত্র: বাংলানিউজ