শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আর্মেনিয়ার পার্লামেন্টে তুলকালাম, সংঘর্ষে আহত একাধিক আইনপ্রণেতা

সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
আর্মেনিয়ার পার্লামেন্টে তুলকালাম, সংঘর্ষে আহত একাধিক আইনপ্রণেতা
আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি

আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবেশন চলাকালে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের ঘুষি ও লাথি বিনিময় করতে দেখা যায়। পরে সংঘর্ষ সংসদকক্ষ ছাড়িয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে।


পার্লামেন্টের সরাসরি সম্প্রচারে সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় এ ঘটনার সূত্রপাত।


আলোচনার একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইনপ্রণেতা তারন চাখোয়ান বিরোধী দলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


একপর্যায়ে কারাপেতিয়ান বক্তৃতার মঞ্চের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের আইনপ্রণেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সরাসরি সম্প্রচারের ভিডিওতে তাদের একে অপরকে ঘুষি ও লাথি মারতে দেখা যায়। এমনকি একটি চেয়ার ছোড়ার ঘটনাও ঘটে।

ভিডিও ফুটেজে পার্লামেন্টের ডেপুটি স্পিকার ভাহাগন আলেক্সানিয়ানকে বিরোধী দলের আইনপ্রণেতাদের দিকে চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপ করতে হয়।


পার্লামেন্টের স্পিকার রুবেন রুবিনিয়ান এ ঘটনার জন্য বিরোধী দলীয় নেতা কারাপেতিয়ানকে দায়ী করেছেন। তার দাবি, কারাপেতিয়ান নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং প্রথমে চাখোয়ানকে আঘাত করার চেষ্টা করেন।


সংঘর্ষে কয়েকজন আইনপ্রণেতা আহত হয়েছেন। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার আইনপ্রণেতা আন্দ্রানিক গেভোরগিয়ানের নাক দিয়ে রক্ত ঝরছিল। একই দলের আরেক আইনপ্রণেতা রুবেন মখিতারিয়ানের পোশাক ছিঁড়ে যায়। পরে সংসদ ভবনে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়।


এর আগে অক্টোবরের শুরুতেও আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক সংঘর্ষ দেশটির পার্লামেন্টে দুই পক্ষের চলমান উত্তেজনাকেই সামনে এনেছে।


তথ্যসূত্র: রাইজিয়বিডি