শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

যুবলীগের ঝটিকা মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড

সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
যুবলীগের ঝটিকা মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড
বুধবার টহল পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা

সিরাজগঞ্জের মহাসড়কে টহল পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।


পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।


গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটরার একটি ভিডিও পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে পুলিশ কয়েজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পৌর এলাকার জানপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার মৃত শওকত আলী শেখের ছেলে যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মুলিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে আরমান (৩৩)।


সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালমের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি