রবিবার, নভেম্বর ০১, ২০২৬

ঈশ্বরদীতে জাতীয় যুব দিবসে র‌্যালি আলোচনা চারা বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে জাতীয় যুব দিবসে র‌্যালি আলোচনা চারা বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু তালেব মন্ডল বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি। দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি সেলিম সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু।


আলোচনা সভা শেষে ৩৫ জন যুবকদের মধ্যে সতের লাখ পঞ্চাশ হাজার টাকার যুবঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।