সোমবার, নভেম্বর ০২, ২০২৬

জন্মদিনে কার উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন শাহরুখ খান?

সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
জন্মদিনে কার উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন শাহরুখ খান?

আজ দুই নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এ বছর ৬১-তে পা দিয়েছেন বলিউড বাদশা। শাহরুখ ভক্তদের কাছে আজকের দিনটি উৎসবের থেকে কোনও অংশে কম নয়। তাই মধ্যরাত থেকেই প্রিয় অভিনেতার জন্মদিন উদযাপনে মেতে ওঠেন অনুরাগীরা। 


এবছর পরিবারের সঙ্গে রাতভর নিজের জন্মদিন উদযাপন করেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে জন্মদিন পালনের পর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি  করেন তাঁরই এক অনুরাগী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা যাচ্ছে রাতভর পার্টি করার পর তাজ হোটেল থেকে বেরোচ্ছিলেন শাহরুখ। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার সময় শাহরুখ অনুরাগীদের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ছেন। ভিডিওটিতে অভিনেতাকে কালো রঙের ক্যাজুয়াল ড্রেসে দেখা গিয়েছে।


জানা যাচ্ছে, এদিন শাহরুখ খানের জন্মদিনের ওই পার্টিতে তাঁর ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খান উপস্থিত ছিলেন। এছাড়াও অপর একটি পোস্টে দাবি করা হচ্ছে এই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সলমন খানও। 

 

প্রসঙ্গত প্রত্যেক বছর অভিনেতার জন্মদিনে মধ্যরাতে শুভেচ্ছা জানাতে মুম্বইয়ে মন্নাতের বাইরে ঢল নামে অগণিত শাহরুখ ভক্তদের। বিগত কয়েক বছরে এই দৃশ্যটাই যেন চিরাচরিত প্রথায় পরিণত হয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবছর জন্মদিনের রাতে মন্নাতে উপস্থিত ছিলেন না স্বয়ং কিং খান। আসলে বিগত বেশ কিছুদিন ধরেই তাঁর  বাড়িতে সংস্কারের কাজ চলছে। তাই আপাতত পরিবার নিয়ে কিছুদিনের জন্য বান্দ্রার পালি হিলস এর একটি বিলাসবহুল ডুপ্লিক্সে উঠেছেন শাহরুখ খান।


তবে এবছর নিজে উপস্থিত না থাকলেও মন্নাতের বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের নিরাশ করেননি অভিনেতা। জন্মদিনে নিজে উপস্থিত না থাকলেও অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি আসন্ন সিনেমা কিং এর ভিজ্যুয়াল প্রজেকশন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল মন্নাত চত্বর।


তবে এসবের মধ্যে শাহরুখ অনুরাগীদের সবচেয়ে বেশি নজর কেড়েছে মন্নাতের বাইরে নির্মিত একটি বিলবোর্ডের ওপর ভক্তদের জন্য শাহরুখ খানের নিজের হাতে লেখা একটি বিশেষ বার্তা। সেখানে লেখা ছিল, “শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও তোমাদের ভালোবাসা পাঠালাম। অনেক ভালোবাসা এবং আলিঙ্গন।” নিচে ছিল শাহরুখ খানের নিজের হাতে করা স্বাক্ষর।


তথ্যসূত্র: আজকাল অনলাইন